তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন — নীলফামারীর ছয় উপজেলায় ৬০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত উদ্যোক্তারা ব্যবসার ধরন ও প্রয়োজনীয়তা বিবেচনায় সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে জেলায় প্রায় এক হাজার আবেদন ফরম বিতরণের বিপরীতে ১৫০টি আবেদন জমা পড়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় জেলা শহরের স্কাইভিউ কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে এ কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালায় এ তথ্য জানানো হয়। নীলফামারী জেলার সকল লিড ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও উত্তরা ব্যাংক সদর লিড ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক, রংপুরের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বীরেন্দ্র নাথ রায়। তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। আমাদের দেশে অনেক মেধাবী ও সম্ভাবনাময় তরুণ রয়েছেন, যাদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও সক্ষমতা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় পুঁজি, প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনার অভাবে তারা নিজেদের উদ্যোগকে এগিয়ে নিতে পারেন না।’
বীরেন্দ্র নাথ রায় আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে, উপজেলা পর্যায় থেকে এসব সম্ভাবনাময় তরুণকে খুঁজে বের করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।’ তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা চাই, তরুণেরা শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিন এবং অন্যদের জন্য কাজের সুযোগ তৈরি করুন।’
কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুক্তা সাদী সারওয়ারীন তৌহিদ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ‘উদ্যোগ’ কর্মসূচির বিভিন্ন দিক, বাস্তবায়ন পদ্ধতি, আবেদন ফরম পূরণ, উদ্যোক্তা নির্বাচন ও অর্থায়নের শর্ত তুলে ধরেন।
ব্র্যাক ব্যাংক পিএলসির ক্লাস্টার ও শাখা ব্যবস্থাপক এবং নীলফামারী জেলা লিড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ'এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. লুৎফুল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক মো. আকরামুল ইসলাম ও উত্তরা ব্যাংক পিএলসির নীলফামারী শাখার ব্যবস্থাপক মো. আব্বাস উদ্দিন। এছাড়া জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উত্তরা ব্যাংক পিএলসির নীলফামারী শাখার ব্যবস্থাপক মো. আব্বাস উদ্দিন জানান, ‘গত ১ নভেম্বর থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত জেলার ছয় উপজেলায় বিভিন্ন লিড ব্যাংকের শাখার মাধ্যমে প্রায় এক হাজার আবেদন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ১৫০টি আবেদন জমা পড়েছে। আগামী ৩০ নভেম্বর আবেদন জমার শেষ দিন। এরপর আবেদন যাচাই-বাছাই ও নির্বাচন প্রক্রিয়া শেষে উপজেলা পর্যায়ে ১০ জন করে জেলায় মোট ৬০ জন তরুণ উদ্যোক্তাকে চূড়ান্তভাবে মনোনয়নের পরিকল্পনা রয়েছে।’
কর্মশালায় উপস্থিত ব্যাংক কর্মকর্তারা ও তরুণ উদ্যোক্তারা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ, নতুন ব্যবসায়িক ধারণা ও সম্ভাবনা নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়।
অনলাইন ডেক্স 
























