মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন — টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতের এই ঘটনায় গোড়াই হাইওয়ে থানার সংলগ্ন এলাকায় স্মৃতিস্তম্ভ ও গোড়াই ফ্লাইওভার ব্রিজে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ পৃথক স্থান থেকে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয় এবং তাদের আদালতে সোপর্দ করা হয়। মির্জাপুর থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), শফিকুর রহমানের ছেলে রিফাত খান, ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১), ও সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত রিফাত খান দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। অন্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
এদিকে, পুলিশ জানিয়েছে যে, গ্রেপ্তারকৃতদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তারা স্থানীয় কেউ নন এবং প¦ার্শবর্তী উপজেলা থেকে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের নির্দেশে এই নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “উপজেলার গোড়াই এলাকার কয়েকটি স্থান থেকে তাদের আটক করা হয়। ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।”
এ ঘটনার পর স্থানীয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। পুলিশ আশা করছে, ঘটনার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও শনাক্ত করা সম্ভব হবে।
মির্জাপুরের এই ঘটনা স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এলাকাবাসী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, পুলিশ প্রশাসন স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে এবং যেকোনো তথ্য জানাতে আহ্বান জানিয়েছে। তারা নিশ্চিত করেছে যে, ঘটনার তদন্তে কোনো ধরনের অবহেলা করা হবে না।
অনলাইন ডেক্স 

























