ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চট্টগ্রামে — ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। একইসঙ্গে চট্টগ্রামসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় স্বাভাবিক কর্মচাঞ্চল্যেও কিছুটা প্রভাব পড়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ, পথচারী ও দৈনন্দিন প্রয়োজনে বাইরে বের হওয়া লোকজনকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। হঠাৎ বৃষ্টিতে কাজে বের হওয়া মানুষকে বাড়তি বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামসহ দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
অনলাইন ডেক্স 

























