শেখ হাসিনার বিচার হবে — প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ী হবে। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এবং তার বাবার করা আইনেই তার বিচার নিশ্চিত হবে। তিনি জানান, শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের একজন আসামির বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের আইনেই নির্ধারিত হবে এবং এ নিয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলার অধিকার রাখে না।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, সরকার কোনো চাপে নেই এবং অন্যায় চাপ দিয়ে সরকারকে কিছু করানো যাবে না। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে সাধারণ মিছিল করাও বেআইনি। এ ধরনের কর্মসূচিতে নৃশংসতা ও সহিংসতার চিত্র দেখা গেছে, যা সরকার সহ্য করবে না।
তথ্য উপদেষ্টা বলেন, পুলিশ এ বিষয়ে কার্যকরভাবে কাজ করবে এবং বলপ্রয়োগের মাত্রা আনুপাতিক রাখতে হবে। সহিংসতায় যাদের ছবি দেখা গেছে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।
এদিকে, প্রধানমন্ত্রী দেশের সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর মাধ্যমে তরুণ প্রজন্মের বিপথে যাওয়ার প্রবণতা থেকে বের হয়ে আসা সম্ভব।
তথ্য উপদেষ্টা ২০২৭ সালের হজ চুক্তি সৌদি আরবের সঙ্গে সই হওয়ার কথা জানান। আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজে যেতে পারবেন।
ডা. জাহেদ উর রহমান গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে বলেন, এ চুক্তি নিয়ে নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং কীভাবে চাওয়া হবে, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে জানানো হবে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গঙ্গা পানি চুক্তির আলোচনা বা সমঝোতার সরাসরি সম্পর্ক নেই।
অনলাইন ডেক্স 




















