রাজস্থানের সিকার শহরে ২২ বছর বয়সী যুবক সমীর খানের ব্যাংক হিসাবে হঠাৎ ১০ হাজার কোটি রুপি জমা হওয়ার ঘটনা ঘটেছে। তিনি মাসে ১০ হাজার রুপি বেতন পান এবং একটি ওষুধের দোকানে কাজ করেন।
বুধবার (২৮ অক্টোবর) নিজের প্রিপেইড মুঠোফোন নম্বরে রিচার্জ করার জন্য ব্যাংক হিসাবের ব্যালান্স দেখতে গিয়ে সমীর প্রথমে কোনো টাকা দেখতে পাননি। পরে বিস্তারিত তথ্য যাচাই করতে গিয়ে তিনি জানতে পারেন, তার অ্যাকাউন্টে ১০ হাজার কোটি রুপি জমা হয়েছে।
তবে এই বিপুল অর্থ দেখে আনন্দিত হওয়ার সুযোগ পাননি তিনি। কিছুক্ষণের মধ্যেই ব্যাংক হিসাবে ওই অর্থের ওপর লিয়েন আরোপ করা হয়, যার ফলে তিনি নিজের জমা থাকা টাকাও তুলতে পারছিলেন না।
সমীর বিষয়টি জানার পর তার নিয়োগকর্তা ধীরজ শর্মাকে জানান এবং পরে সিকারের সাইবার পুলিশ স্টেশনে যোগাযোগ করেন। পুলিশ তাদের ব্যাংকের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, কারিগরি ত্রুটির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ ত্রুটি সংশোধন করার পর সমীরের হিসাবের প্রকৃত স্থিতি ফিরে আসে এবং অর্থ ব্যবহারের জটিলতাও দূর হয়। সমীর বলেন, ‘আমি পুলিশের কাছে যাই এবং ব্যাংকের সঙ্গে কথা বলি। পরে সমস্যার সমাধান হয়েছে।’
অনলাইন ডেক্স 
























