বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘ষষ্ঠ ডিপ্লোমা সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দিনব্যাপী এ সামিটে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষা কারিকুলাম দীর্ঘদিন ধরে অমীমাংসিত হয়ে আছে। এখানে গবেষণার জন্য পর্যাপ্ত গবেষণাগার ও আধুনিক যন্ত্রপাতি নেই। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এ বিশাল খাতের সংকট নিরসনে সরকারের কোনো সদুদ্যোগও চোখে পড়ে না।”
তিনি কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সাদ্দাম আরও বলেন, “একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।”
সামিটে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের দায়িত্বশীলরা পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে দক্ষ প্রকৌশলী হওয়ার পাশাপাশি উত্তম চরিত্র ও সময়ানুবর্তিতা জরুরি।
অনুষ্ঠানে ‘ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার ভাবনা ও জব অপরচুনিটি’ শীর্ষক প্যানেল আলোচনায় বিভিন্ন আলোচক উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রকৌশলী, শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদসহ বিভিন্ন পেশাজীবী অতিথিরা অংশ নেন।
অনলাইন ডেক্স 






















