দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ও শ্রীলঙ্কা বাংলাদেশে প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিং ব্যবস্থার অভিজ্ঞতা গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের ভোটাধিকার প্রয়োগে ‘আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম’ সফলভাবে কার্যকর হয়েছে।
নেপাল ইতোমধ্যে বাংলাদেশের কাছে এই প্রযুক্তির কার্যকারিতা সম্পর্কে জানতে চেয়েছে। শ্রীলঙ্কাও একই মডেলের প্রতি আগ্রহ দেখিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশের উদ্ভাবন আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়লে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং প্রযুক্তিটির গ্রহণযোগ্যতা বাড়বে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে প্রবাসী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের ভোটদান নিশ্চিত করা হয়েছে। ‘মেড ইন বাংলাদেশ’ প্রযুক্তিতে তৈরি এই সিস্টেম বিশ্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
নেপালের নির্বাচন কমিশনার ড. রাজিব সুব্বা বলেছেন, বাংলাদেশের মডেল উন্নয়নশীল দেশের জন্য অত্যন্ত সফল। তিনি জানান, নেপাল আগামী প্রাদেশিক নির্বাচনে প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিং চালুর পরিকল্পনা করছে এবং বাংলাদেশের প্রযুক্তি থেকে কারিগরি সহায়তা পেলে তারা সম্মানিত বোধ করবেন।
ড. রাজিব সুব্বা আরও বলেন, বাংলাদেশে আসার মূল লক্ষ্য হলো প্রযুক্তিভিত্তিক পোস্টাল ভোটিং প্রক্রিয়া সরাসরি দেখা। তিনি জানান, বাংলাদেশের মডেলটি গবেষণার পর নেপালে গ্রহণ করা হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়া হবে।
অনলাইন ডেক্স 























