সেতু নির্মাণে ৪ কোটি — সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর আলীপুর-টেংরাটিলা এলাকায় নির্মিত ৭৫ মিটার দীর্ঘ সেতুর নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। চলতি বছরের আগস্টের শেষ দিকে সেতুর মূল কাঠামোসহ অন্যান্য কাজ শেষ হলেও দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে ঠিকাদারের স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের অভিযোগ ওঠে। দীর্ঘসূত্রতায় নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি এবং শেষ পর্যায়ে এসে সংযোগ সড়ক নির্মাণ ঝুলে রয়েছে।
দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেংরা স্কুল অ্যান্ড কলেজ, মুহিবুর রহমান মানিক সোনালী নুর উচ্চ বিদ্যালয় ও আলীপুর নূরানী একাডেমি সহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান পথ এই সেতু। প্রতিদিন শতাধিক শিক্ষার্থীসহ অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ সেতুটি ব্যবহার করেন। কিন্তু সংযোগ সড়ক না থাকায় তাদের ঝুঁকি নিয়ে মই ও পাটাতন বেয়ে সেতু পার হতে হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমকর্মী আশিশ রহমান বলেন, "সেতু এখন উল্টো বিড়ম্বনার কারণ হয়েছে। স্টিলের মই বেয়ে সেতুতে উঠে এরপর আবার পাটাতন দিয়ে নিচে নামতে হচ্ছে।"
আলীপুর বাজারের ব্যবসায়ী আল ইসলাম জানান, "এই সেতু দিয়ে ওঠানামা করা যে কতটা কষ্ট, তা বলে বোঝানো যাবে না। অসুস্থ ও বয়স্ক মানুষেরা মই বেয়ে এই সেতুতে উঠতে ভয় পান।"
সিএনজি চালক ফাইজুল মিয়া বলেন, "সংযোগ সড়ক না থাকায় আমরা এই সেতু দিয়ে গাড়ি পারাপার করতে পারছি না।"
স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের আগে নদী পারাপারে রশি টানা খেয়ানৌকাই ছিল তাদের ভরসা। সেতু নির্মাণের পর খেয়ানৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাদের চলাচলে সমস্যা তৈরি হয়েছে। এখন অন্তত ২০ ফুট উঁচু পাটাতনের সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে হচ্ছে।
ঠিকাদার শংকর বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, "সেতুর কাজ শেষ। সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ও স্থানীয় আব্দুল হামিদ মেম্বারের সঙ্গে সমন্বয় করে খাসিয়ামারা সেতুর দুপাশের সংযোগ সড়কের মাটি ভরাটের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।"
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ জানান, "পাঁচ-ছয় মাস আগে তার মধ্যস্থতায় ঠিকাদারের সঙ্গে ইউপি সদস্য আব্দুল হামিদ ও স্থানীয় কয়েকজন লোকের সংযোগ সড়কের মাটি ভরাটের জন্য ৯ লাখ টাকার চুক্তি হয়।"
দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, "ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, স্থানীয়ভাবে যাদের মাটি ভরাটের কাজ দেওয়া হয়েছিল, তারা অর্ধেক কাজ করেছেন।"
স্থানীয়রা আশা করছেন, দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু হবে এবং তাদের চলাচলের সমস্যা সমাধান হবে।
অনলাইন ডেক্স 





















