পাংশা পৌরসভায় সড়ক অবস্থা — রাজবাড়ী জেলার পাংশা পৌরসভায় নাগরিকদের জন্য সড়কগুলোর বেহাল দশা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পৌরসভাটি প্রথম শ্রেণির হলেও, সড়ক সংস্কারের অভাবে বাসিন্দারা প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া সড়কগুলোতে বড় বড় গর্ত ও খানাখন্দ থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
১৯৯০ সালে পাংশা ইউনিয়ন পরিষদ পৌরসভার স্বীকৃতি পায় এবং ২০১৮ সালে এটি প্রথম শ্রেণিতে উন্নীত হয়। তবে, ৯ বছর পার হলেও নাগরিক সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোর অবস্থা এখন স্থানীয়দের জন্য দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, মৈশালা বাজার থেকে মৈশালা বড়গাছি বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটিতে অসংখ্য গর্ত রয়েছে। এই সড়কের পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে শহরে প্রবেশ করে, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পাংশা রেলগেট থেকে টেম্পুস্ট্যান্ড পর্যন্ত সড়কটিরও একই অবস্থা। এখানে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সড়কটি দিয়ে অসুস্থ গৃহপালিত পশু নিয়ে পশু হাসপাতালে আসেন জনসাধারণ। এ সড়কে একটি বে সরকারি ক্লিনিক রয়েছে, যেখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নেন।
পাংশা মহিলা কলেজ, আইডিয়াল গার্লস কলেজ, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও কাজী আব্দুল মাজেদ একাডেমির শিক্ষার্থীরা নিয়মিত এই সড়ক দিয়ে যাতায়াত করেন। টেম্পুস্ট্যান্ড থেকে পাংশা সরকারি কলেজ হয়ে শিল্পকলা মোড় পর্যন্ত সড়কটিরও বেহাল অবস্থা।
উপজেলা থেকে বারেক মোড় সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় রয়েছে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু কাজ শুরু করেছে, তবে তা দীর্ঘ সময় ধরে অসম্পূর্ণ রয়েছে। পাংশা স্টেশন বাজার সড়কেও রয়েছে অসংখ্য খানাখন্দ, যা সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি করে।
স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক রবিউল ইসলাম বলেন, “সড়কের বেহাল দশার কারণে প্রতিদিনের জীবনযাত্রায় সময় অপচয় হচ্ছে এবং শারীরিক ক্ষতি হচ্ছে।” ভ্যান ও অটোরিকশাচালকরা জানান, এসব সড়ক দিয়ে যাত্রী ও মালামাল পরিবহন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
অটো রিকশাচালক আক্কাস আলী বলেন, “রাস্তার অবস্থা এমন হয়েছে যে, এখন আর যাওয়া যায় না।” ভ্যানচালক মো. আরিফ জানান, “রাস্তার মধ্যে এত গর্ত যে যাত্রী নিয়ে চলাচল করা খুবই কষ্টকর।” শিক্ষার্থীরা জানান, স্কুল-কলেজে যাতায়াতের সময় এসব ভাঙাচোরা সড়ক পেরোতে হয়, যা তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে বাজারে আগতদের চলাচলে সমস্যা হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে দোকানে ক্রেতা কমে যায়। পৌরসভার এসব সড়ক ছাড়াও নারায়ণপুর দত্তপাড়া, মৈশালা কর্ম কারপাড়া, মৈশালা ঋষিপাড়া সড়কসহ বেশ কয়েকটি সড়ক সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
স্থানীয়রা দাবি করেছেন, পাংশা পৌরসভার গুরুত্বপূর্ণ এসব সড়ক দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা পৌর সভার প্রশাসক মো. রিফাতুল হক জানিয়েছেন, ইতোমধ্যে তিনটি সড়ক মেরামতের জন্য ঠিকাদারের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে।
পৌরবাসীর প্রত্যাশা, প্রথম শ্রেণির পৌরসভায় নাগরিক সেবার মান উন্নত করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
অনলাইন ডেক্স 





















