নারায়ণগঞ্জে গভীর রাতে বাড়ি — নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে গভীর রাতে একটি বসতবাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় পুলিশকে একাধিকবার জানানো হলেও তারা কোনো সহায়তা পাননি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এলেও হামলাকারীরা তাদের সামনেই কাজ সম্পন্ন করে।
গতকাল সোমবার দিবাগত রাতের এই ঘটনা ঘটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকায়। ভুক্তভোগী সুলতানা বেগম জানান, তাদের পৈতৃক ও ক্রয়কৃত সাড়ে ১২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছেন কয়েকজন ব্যক্তি। এ নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে।
সুলতানা বলেন, "কয়েক মাস ধরে অভিযুক্তরা আমাদের বাড়ি দখলের চেষ্টা করছেন। গতকাল রাতে ১৫০ থেকে ২০০ জনের একটি দল ভেকু দিয়ে আমাদের ৪০ বছরের বসতভিটা গুঁড়িয়ে দেয়।" তিনি আরও জানান, হামলার সময় তিনি তার নাতির সঙ্গে ঘুমিয়ে ছিলেন এবং প্রথমে ভূমিকম্প মনে করেছিলেন।
সুলতানার ভাই গোলাম মোস্তফা অভিযোগ করেন, গত ৫ নভেম্বর রাতেও একই পক্ষের লোকজন ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালাতে এসেছিল। সেদিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। তিনি বলেন, "হামলার সময় ৯৯৯ নম্বরসহ বিভিন্নভাবে পুলিশকে জানানো হলেও তারা সহায়তা পাননি।"
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, জমি নিয়ে বিরোধের কারণে এর আগে দখলের চেষ্টা হলে পুলিশ সেখানে গিয়ে বাধা দেয়। তিনি জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, যা তদন্তাধীন।
ওসি আরও বলেন, "গতকাল রাতে বাড়ি ভাঙার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়, তবে পুলিশ গিয়ে কাউকে পায়নি।" তিনি জানান, জমি নিয়ে দেওয়ানি মামলা চলমান থাকায় মালিকানা নির্ধারণের এখতিয়ার আদালতের।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ভোর ৪টার দিকে বাড়ি ভাঙার খবর জানিয়ে ভুক্তভোগী পরিবার ৯৯৯ নম্বরে ফোন করে। তিনি জানান, পুলিশের উপস্থিতিতে বাড়ি ভাঙার অভিযোগ সঠিক নয়।
তিনি আরও বলেন, "জমি নিয়ে দেওয়ানি মামলা থাকলেও এ ঘটনায় ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকলে ভুক্তভোগীরা থানায় মামলা করতে পারবেন।" অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাতের আঁধারে এ ধরনের কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 
























