বরগুনার বেতাগীতে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বখাটের মারধরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর তিনটি দাঁত ভেঙে গেছে। উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে বেতাগী থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামি মো. ফয়সাল (২৩) গাবতলী গ্রামে বসবাস করেন। পুলিশ তার মা ও ভাইকে গ্রেপ্তার করেছে, যারা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার এজাহার অনুযায়ী, কয়েক দিন আগে ফয়সাল বিদ্যালয়ের ওয়াশরুমে উঁকি দিলে ছাত্রীর ভয়ে সে দ্রুত সটকে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে ফয়সাল মেয়েটিকে মারধরের হুমকি দেন। গতকাল ওই ছাত্রীর মা তাকে বিদ্যালয়ে পাঠাননি, কিন্তু এক শিক্ষক তাকে স্কুলে নিয়ে আসেন।
বিদ্যালয় ছুটির পর ফয়সাল ছাত্রীর ওপর হামলা চালিয়ে মারধর করেন, যার ফলে তার মুখের তিনটি দাঁত ভেঙে যায় এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। পরে শিক্ষক ও স্বজনেরা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ননী গোপাল মালাকার বলেন, ফয়সাল স্কুলের আশপাশে লাঠিসহ ঘোরাঘুরি করছিল, কিন্তু কেউ বিষয়টি দেখেনি। ছুটির পর সে ছাত্রীর ওপর হামলা চালায়।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা করেছেন এবং দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অনলাইন ডেক্স 
























