নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ জন নেতাকর্মী ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে তারা এ পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।
মঙ্গলবার রাতে ৪৭ সদস্যের এই ওমরাহ কাফেলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে। বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা মো. হায়দার আলী জানান, এমপি মহোদয়ের নিজস্ব অর্থায়নে নেত্রকোনা-৪-এর বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের এই সুযোগ দেওয়া হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা থেকে ১৮ জন, মদন উপজেলা থেকে ১৭ জন এবং খালিয়াজুরী উপজেলা থেকে ১১ জন নেতাকর্মী এই কাফেলায় রয়েছেন। এমপি বাবর নিজে এই কাফেলার সঙ্গে যাচ্ছেন না, তবে তিনি চান নেতৃবৃন্দ ধর্মীয় অনুশাসনে নিজেদের পরিচালিত করুন।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, এমপি মহোদয় এতজন নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠানোর উদ্যোগ নিয়ে তার মহৎ মানসিকতার পরিচয় দিয়েছেন। মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েনও এ উদ্যোগের জন্য বাবরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অনলাইন ডেক্স 























