সাভারের আশুলিয়ার জামগড়ায় রানা হোটেল নামের একটি খাবারের দোকানে সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে একটি সিলিন্ডার নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। সিলিন্ডারের গায়ে লেখা রয়েছে, ‘ডু নট ইউজ আফটার ২০২১’, যা এর ব্যবহারের মেয়াদ শেষ হওয়ার ইঙ্গিত দেয়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জামগড়া এলাকার প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় সিলিন্ডারটি উড়ে গিয়ে রানা হোটেলের টিনের চালা ভেদ করে নিচে পড়ে যায়, জানান হোটেলটির মালিক মো. হালিম।
হালিম বলেন, বিস্ফোরণের সময় বিকট শব্দ হয় এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে। তার ছেলে মাথায় সিলিন্ডার লাগার পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়, তবে চিকিৎসক সিটিস্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন।
এদিকে, সোমবার দুপুরে ঘটনাস্থলে যান আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মো. মহিবুল্লাহ আকন। তিনি জানান, সিলিন্ডারের গায়ে থাকা তথ্য অনুযায়ী, সেটির ভেতরে থাকা গ্যাসের মেয়াদ শেষ হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বক্তব্য প্রয়োজন।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ছিল কি না এবং বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে। রোববার রাতে এই বিস্ফোরণে সাতজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
অনলাইন ডেক্স 
























