জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে দেশের ইউনিয়ন পরিষদগুলোর জন্য এককালীন ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই অর্থ চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাত থেকে ছাড় করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে সম্প্রতি এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়। উপসচিব বিষ্ণুপদ পাল এ আদেশে স্বাক্ষর করেন।
সরকারি আদেশে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ উত্তোলনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ট্রেজারি রুলস (টিআর) ফরম-৩২ অনুযায়ী বিল প্রস্তুত করতে হবে। ওই বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর নিয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে হবে।
এছাড়া, বরাদ্দকৃত অর্থ জেলা কার্যালয় থেকে ইউনিয়ন পরিষদ পরিচালিত ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে প্রদান করা হবে। উপজেলা কার্যালয় থেকে পাঠানো অ্যাডভাইসের ভিত্তিতে সোনালী ব্যাংক লিমিটেড সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করবে।
সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, বরাদ্দকৃত অর্থের ব্যয় চলতি ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেটের নির্ধারিত মঞ্জুরি ও সংশ্লিষ্ট হিসাব খাতের বরাদ্দ থেকে মেটানো হবে। নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ছাড়া অন্য কোনো কাজে এ অর্থ ব্যয় করা যাবে না।
অনলাইন ডেক্স 

























