সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে টাকা গণনার সময় একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে ‘খোকন মামু’কে নিয়ে লেখা রয়েছে। চিরকুটে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতো না।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে মাজার প্রাঙ্গণে দানবাক্স ও ডেগগুলোর তালা খুলে চতুর্থবারের মতো টাকা গণনা শুরু হয়। এ সময় তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুলে ওই চিরকুটটি পাওয়া যায়। চিরকুটে লেখকের নাম বা ঠিকানা উল্লেখ নেই।
চিরকুটে ‘আলম খাঁন মুক্তি, আবুল কাশেম, মিসবা উদ্দিন সিরাজ, আফতাব হোসেন’ নাম উল্লেখ করা হয়েছে এবং একটি হৃদয়ের ছবি আঁকা হয়েছে। চিরকুটের শেষে ‘মামুজী’ সম্বোধন করা হয়েছে। তবে ‘খোকন মামু’ কে এবং তার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
দানবাক্স ও ডেগ থেকে পাওয়া নগদ অর্থের পরিমাণ ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা। এছাড়া ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ৫ পাউন্ড, ভারতের ৩ হাজার ৯৯৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাত, সৌদি আরবের ৯৯ রিয়াল ২৫ পয়সা, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৮ ডলার ২ সেন্ট, ওমানের ৯০৩ বায়সা, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দিরহাম ২৫ সেন, ইরাকের ১ দিনার, কাতারের ২১ রিয়াল ৫০ পয়সা, ইউরোপের ৩০ ইউরো ১০ সেন্ট, বাহরাইনের ০.০২৫ পয়সা, পাপুয়া নিউগিনির ৫০ কিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়া।
গণনার সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 























