ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি কোনো হুমকি বা হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। এ দুই নগরীতে হামলা বা নিরাপত্তার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়।
মন্ত্রী বলেন, পবিত্র দুই নগরীর নিরাপত্তার প্রতি হুমকি এবং হামলার অপচেষ্টার বিরুদ্ধে মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। প্রয়োজনে লাখো মুসলমান জীবন দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে, ইনশাআল্লাহ।
হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে কায়কোবাদ বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। তিনি বাংলাদেশের জনগণকে পবিত্র দুই নগরীর নিরাপত্তা রক্ষায় আপসহীন থাকার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
অনলাইন ডেক্স 























