সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আহতদের মধ্যে একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন চতুর্থ বর্ষের মো. আবদুর রহমান রাঈদ ও সাফকাত তাহসিন। অভিযোগ রয়েছে, রাজেশ বাছাড়সহ কয়েকজন ছাত্রদলের কর্মী তাঁদের মারধর করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছয়টি অনুষদের ছাত্র সমিতির নির্বাচন চলছে। এ নির্বাচনে ছাত্রদলের নেতা-কর্মীদের পাশাপাশি অন্য রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নয় এমন শিক্ষার্থীরাও প্রার্থী হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে টিএসসি এলাকায় ভিপি প্রার্থী আবদুর রহমান রাঈদ ও সাফকাত তাহসিনের সঙ্গে রাজেশ বাছাড় ও অন্যদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
আহত সাফকাত তাহসিন বলেন, ‘ছাত্র সমিতির নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে হামলা করা হয়েছে। আমাদের ওপর আক্রমণ করে তারা। প্রশাসন বলছে, সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না।’ অভিযুক্ত রাজেশ বাছাড়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সানাউল হোসেন বলেন, ‘এটি দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির ফল। আমাদের পক্ষ ক্ষতিগ্রস্ত হলে তখন বলা হতো দুই পক্ষের সংঘর্ষ।’ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ টি এম মাহবুব-ই-ইলাহী বলেন, তদন্ত কমিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে সুপারিশ দেবে।
অনলাইন ডেক্স 

























