সরকার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ দমন এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে এই কমিটিগুলি গঠনের ঘোষণা দেয়।
প্রধানমন্ত্রীকে সভাপতি করে গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, স্বরাষ্ট্রসচিবকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির চেয়ারম্যানকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি প্রতিষ্ঠা করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটিকে আগামী দুই মাসের মধ্যে উন্নয়ন, নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সুপারিশ দিতে বলা হয়েছে। এই সুপারিশের ভিত্তিতে নির্বাহী কমিটি তিন মাসের মধ্যে জাতীয় কর্মকৌশলের খসড়া প্রণয়ন করবে।
জাতীয় কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা এবং সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাহী কমিটিতে ভূমি, আইন, পুলিশ, সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা সদস্য হিসেবে রয়েছেন।
কমিটিগুলি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ দমন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে। পরামর্শক কমিটি প্রয়োজন অনুযায়ী অন্যান্য কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করতে পারবে এবং কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে।
অনলাইন ডেক্স 























