ভারতের ঘরের মাঠের ক্রিকেটে নতুন সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হয়েছে চ্যাটজিপিটি। কাম্পা ও এসবিআই লাইফের সঙ্গে আগামী দুই মৌসুমের জন্য বিসিসিআইয়ের অংশীদার হয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ। তিন প্রতিষ্ঠানের চুক্তির মোট মূল্য ১৩০ কোটি রুপির বেশি।
মঙ্গলবার বিসিসিআই ঘোষণা করেছে, আগামী দুই ঘরোয়া মৌসুমের জন্য তাদের সহযোগী অংশীদার হিসেবে চ্যাটজিপিটি যুক্ত হয়েছে। চুক্তির মেয়াদ শুরু হবে ভারতের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে, যা ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং চলবে ২০২৮ সালের মার্চ পর্যন্ত।
বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন তিন অংশীদারের চুক্তির সম্মিলিত মূল্য ১৩০ কোটি রুপির বেশি। আগের চক্রের তুলনায় এই চুক্তির মূল্য ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ভারতের ঘরের মাঠের ক্রিকেটের বাণিজ্যিক আকর্ষণ ও বাজারমূল্যের বৃদ্ধিকে নির্দেশ করে।
চ্যাটজিপিটিকে নতুন অংশীদার করার ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন বিসিসিআই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেছে। বৈঠকে ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা রাখার পরিকল্পনা এবং বিদেশের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য বাড়তি সময় দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
অনলাইন ডেক্স 

























