ফেনীর দাগনভূঞায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের সামনে এ সংঘর্ষ ঘটে।
দলটির দুপক্ষের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে নেতাকর্মীরা একে অপরকে জুতা, বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং দুই গণমাধ্যমকর্মীসহ অন্তত ২৫ জন আহত হন।
আহতদের মধ্যে দাগনভূঞা পৌর যুবদলের সদস্যসচিব ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি এম সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা মোহাম্মদ রাব্বি এবং গণমাধ্যমকর্মী শাখাওয়াত টিপু ও ফখরুল ইসলাম রয়েছেন। ইকবালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে নেতা-কর্মীরা বিদ্যালয় থেকে বের হওয়ার সময় জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি কাজী জামশেদুর রহমানের সমর্থকেরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে এক সমর্থক অপর পক্ষের নেতাকর্মীদের লক্ষ্য করে পানির বোতল ও জুতা ছুড়ে মারেন, যা সংঘর্ষের কারণ হয়।
দাগনভূঞা থানা পুলিশের ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অনলাইন ডেক্স 
























