বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন তরী বাংলাদেশ। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের দায়িত্ববোধ তৈরির লক্ষ্যে কাজ করা হচ্ছে।
বিদ্যালয়ের নিয়মিত অ্যাসেম্বলির সময় এ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।" তিনি শিক্ষার্থীদের চারাগুলো যথাযথ স্থানে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, "পরিবেশ রক্ষার লড়াই কোনো একক পক্ষে সম্ভব নয়।" তিনি শিক্ষাপ্রতিষ্ঠানকে এই আন্দোলনের কার্যকর ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান খান বলেন, "শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের উদ্যোগটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।" তিনি শিক্ষার্থীদের চারাগুলো সযত্নে পরিচর্যা করার আহ্বান জানান।
তরী বাংলাদেশ সূত্রে জানা গেছে, ভবিষ্যতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপদে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।
অনলাইন ডেক্স 























