কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় একটি রিসোর্ট দখলের অভিযোগে ছাত্রদল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযানে মাহফুজ শাকিল (৪০) নামে একজনকে আটক করেছে। সোমবার (১৭ আগস্ট) ভোররাত ৩টার দিকে রিসোর্টটি দখল করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আটক মাহফুজ শাকিল উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার শামশুদ্দিনের ছেলে। মামলায় প্রধান আসামী হিসেবে আল-আমিনের নাম উল্লেখ করা হয়েছে, যিনি ছাত্রদল নেতা হিসেবে পরিচিত।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আসামীরা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে এবং চাঁদা না দিলে তাদের হয়রানি করে। বাদী ইসরাত জাহান অভিযোগ করেছেন যে, আসামীরা তার মালিকানাধীন নকশী রিসোর্টে অনধিকার প্রবেশ করে ভাংচুর ও দখল করে।
অভিযোগ অনুযায়ী, হোটেলের কর্মচারী আব্দু শুকুর বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। আসামীরা হোটেলের বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায় এবং চাঁদার টাকা না পাওয়ার পর হোটেলটি তাদের দখলে থাকবে বলে হুমকি দেয়।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মামলার দ্বিতীয় আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দখলের ঘটনায় যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে।
অনলাইন ডেক্স 























