নোয়াখালীর বেগমগঞ্জে গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ নজরুল ইসলাম শান্ত জানান, তারা মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় করে অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়, যার ফলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান এবং আহত হন।
তিনি হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে চিনতে পেরেছেন বলে দাবি করেন। তিনি জানান, পিচ্চি রিয়াদ তাকে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পিছন থেকে গুলি করা হলে তিনজন ছররা গুলিতে আহত হয়েছেন। পুলিশ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
অনলাইন ডেক্স 























