যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসহ ৩০টি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে, যা এখন জুরি ট্রায়ালের মুখোমুখি হতে যাচ্ছে। সোমবার (১৭ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে বিচারক ইভন গনজালেস রজার্সের এজলাসে মামলার শুনানি শুরু হতে চলেছে। মামলায় মেটার বিরুদ্ধে ফেডারেল ও অঙ্গরাজ্যের শিশু সুরক্ষা আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে। বাদিপক্ষ এক ট্রিলিয়ন ডলারেরও বেশি জরিমানা চেয়েছে এবং প্ল্যাটফর্মগুলোর কাজের ধরনে মৌলিক পরিবর্তন আনার দাবিও জানানো হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের অ্যালগরিদম এবং ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে শিশু ও তরুণরা অ্যাপে বেশি সময় ধরে আটকে থাকে এবং আসক্ত হয়ে পড়ে। অঙ্গরাজ্যগুলো লাইক গণনা বন্ধ করা, ইনফিনিট স্ক্রোল তুলে দেওয়া, ভিডিওর স্বয়ংক্রিয় প্লেব্যাক বন্ধ করা, অবাস্তব ইমেজ ফিল্টার বাদ দেওয়া, একাধিক অ্যাকাউন্ট তৈরি নিষিদ্ধ করা এবং ইনস্টাগ্রাম স্টোরিজের মতো নির্দিষ্ট সময় পর মুছে যাওয়া কনটেন্ট বাতিল করার দাবি জানিয়েছে।
মেটা প্রতিষ্ঠানটি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, তারা তরুণ ব্যবহারকারীদের সহায়তায় দীর্ঘদিন ধরে কাজ করছে এবং আদালতে তাদের অবস্থান প্রমাণ করবে।
সম্প্রতি নিউ মেক্সিকোর এক আদালত মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে, যেখানে মেটাকে জনস্বার্থের জন্য ক্ষতিকর বলেও অভিহিত করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ৩০টি অঙ্গরাজ্যের এই যৌথ মামলায় মেটা হেরে গেলে যুক্তরাষ্ট্রে ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারের ধরনে বড় ধরনের স্থায়ী পরিবর্তন আসতে পারে।
অনলাইন ডেক্স 






















