পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার সংলগ্ন বেড়িবাঁধের ওপর নির্মাণাধীন একটি সড়কে ঝুম বৃষ্টির মধ্যেই জমে থাকা পানির ওপর আরসিসি ঢালাইয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের বাধা উপেক্ষা করে উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে কাজ চালিয়ে যাওয়ার কারণে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ২০২৪-২৫ অর্থবছরের আওতায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে উলানিয়া বাজার এলাকায় ৪৭০ মিটার দৈর্ঘ্য, ৬ দশমিক ৭ মিটার প্রস্থ ও ৮ ইঞ্চি পুরুত্বের একটি আরসিসি সড়ক নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান ডালিয়া ট্রেডার্স।
বুধবার (২৯ জুলাই) ঢালাই কাজ শুরু হওয়ার পর বৃষ্টির পানি সড়কের বিভিন্ন স্থানে জমে যায়। স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে ঢালাই কাজ চলমান থাকায় রাস্তার স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, কাজ বন্ধ রাখার জন্য বারবার অনুরোধ করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা তা আমলে নেননি।
স্থানীয় ইউপি সদস্য মাসুম মিয়া বলেন, বৃষ্টির মধ্যে ঢালাই করলে কাজের মান নিয়ে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক। স্থানীয় ব্যবসায়ী মনির মিয়া বলেন, সরকারি অর্থে হওয়া কাজের মান নিশ্চিত করা উচিত।
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. মালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, বৃষ্টির কারণে রাস্তার ওপর পানি জমে না থাকলে গুণগত মানের সমস্যা হবে না। তবে স্থানীয়দের দাবি, নির্মাণবিধি ও প্রকৌশলগত মানদণ্ড অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্ত করা উচিত।
অনলাইন ডেক্স 













