সুনামগঞ্জের ছাতকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাতুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার এস আই জহিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে রজব আলী (৫০) ও মো. নুর উদ্দিন (৩৫) রয়েছেন। নুর উদ্দিন দোলারবাজার ইউনিয়নের জটি গ্রাম এবং রজব আলী কল্যাণপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সিলেটগামী লেনে পার্কিং করা একটি ট্রাকের (মেট্রো-ড-১১-৩১৬৪) পেছনে নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে নুর উদ্দিন ঘটনাস্থলেই মারা যান এবং রজব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
হাইওয়ে থানার এস আই জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা খাওয়াকে চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জয়কলস হাইওয়ে থানার হেফাজতে রয়েছে এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনলাইন ডেক্স 
























