রাঙ্গামাটির কাউখালী উপজেলায় একটি সেতুর পাটাতন ট্রাকসহ ভেঙে পড়েছে। এই ঘটনায় কাউখালী সদরের সঙ্গে রাঙ্গামাটি ও চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে কাউখালী-রানীরহাট সড়কের সাহেব নগর এলাকায় একটি ইটবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পড়ে, স্থানীয়রা এ তথ্য জানিয়েছেন।
রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর কাজ চলছে এবং ট্রাকটি সরানোর পর দ্রুত ব্রিজের পাটাতন মেরামত করে সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালী উপজেলা সদর থেকে রাঙ্গামাটি জেলা সদর ও চট্টগ্রামের সঙ্গে যোগাযোগের জন্য কাউখালী-রাণীরহাট সড়কটি একমাত্র পথ। এই সড়কের চারটি স্থানে বেইলি ব্রিজ রয়েছে, যেগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
এছাড়া, এই সড়কের মধ্যে দুটিতে কংক্রিটের ব্রিজ নির্মাণ কাজ শুরু হলেও তা ধীর গতিতে চলছে বলে অভিযোগ রয়েছে। শনিবার সকালে সাহেব নগর এলাকায় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে।
সবুজ চাকমা জানান, পাটাতন ভেঙে পড়া বেইলি ব্রিজটিও কংক্রিট দিয়ে নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে, তবে বর্ষা মৌসুমের কারণে কাজ শুরু করতে দেরি হচ্ছে।
অনলাইন ডেক্স 





















