আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।
প্রধানমন্ত্রীর এই সফরের কারণে গোটা দক্ষিণাঞ্চলে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি চূড়ান্ত হলেও জনসভার স্থান বা অন্যান্য প্রটোকল এখনো নির্ধারিত হয়নি। সফরের সার্বিক রূপরেখা ও সূচি চূড়ান্ত করার জন্য মঙ্গলবার রাতে কেন্দ্রীয় পর্যায়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
স্থানীয় উন্নয়ন বিশ্লেষক ও সুশীল সমাজের মতে, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের কিছু মেগা প্রকল্পের কাজ দ্রুত গতি পাবে। বিশেষ করে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের কাজ আরও বেগবান হবে।
দলীয় সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী বরিশাল জেলা, মহানগর এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে বিশেষ সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি।’
প্রসঙ্গত, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে এসেছিলেন তারেক রহমান। ওই দিন তিনি বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশাল নগরের বান্দরোডের বেলসপার্ক মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অনলাইন ডেক্স 






















