পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, অতীতে সরকারি অর্থ ব্যয়ে যে লাগামহীন লুটপাট ও অর্থপাচার হয়েছে, তার বিরুদ্ধে বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে কাজ করছে। রবিবার (২৮ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সিটা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি জানান, বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), কেন্দ্রীয় ক্রয় কারিগরি ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের কার্যক্রম আধুনিক করা হবে। এর ফলে রাজস্ব আহরণ ও সরকারি ব্যয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আসবে।
তিনি বলেন, সরকার প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। করব্যবস্থাকে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে অটোমেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকারের বাজেট মোট দেশজ উৎপাদনের তুলনায় ছোট, কিন্তু স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে ব্যয় বাড়ানোর প্রয়োজনীয়তা বাড়ছে।
জোনায়েদ সাকি আরও বলেন, সরকারি ক্রয় ও দরপত্র কার্যক্রমকে স্বচ্ছ করতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থার সম্প্রসারণ অব্যাহত রয়েছে। পরিকল্পনা বিভাগের সক্ষমতা বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সচিব এস এম শাকিল আক্তারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 






















