আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে পাঠদান করছেন। কলেজটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি জানা যায়।
শনিবার (২৭ জুন) এক স্টাফ নার্স বিষয়টি নিশ্চিত করেন, তবে তিনি জানাননি ডা. দত্ত কতদিন ধরে সেখানে ক্লাস নিচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
ভিডিওতে দেখা যায়, আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত, যেখানে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছিল। তিনি নাক-কান-গলা (ইএনটি) সম্পর্কিত একটি বিষয়ে ক্লাস নিচ্ছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ডা. দত্ত আত্মগোপনে যান। তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না মিললেও, সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।
অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত নাক-কান-গলা রোগের বিশেষজ্ঞ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য ২০১২ সালে স্বাধীনতা পদক পান। পরে তিনি রাজনীতিতে যুক্ত হয়ে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
অনলাইন ডেক্স 






















