তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় বলেন, এটি বাংলাদেশকে আত্মনির্ভরশীল করার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। বাজেটে অন্তর্ভুক্ত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে প্রতি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করবে।
তিনি জানান, এই অর্থ প্রান্তিক মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলছে এবং শহর-গ্রামের অর্থনৈতিক বৈষম্য কমাচ্ছে। ইয়াসের খান চৌধুরী বলেন, নির্বাচনের আগে ও পরে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে সমালোচনা হলেও বর্তমানে এর প্রয়োজনীয়তা অনেকেই বুঝতে পারছেন।
প্রতিমন্ত্রী গুজব ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা জোরদারের কথা উল্লেখ করেন। তিনি জানান, নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে বিভিন্ন শর্ট ফিল্ম ও প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ফুটবল বিশ্বকাপের বিনামূল্যে সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে, যা কোটি কোটি মানুষের বিনোদনের অধিকার নিশ্চিত করবে এবং রাষ্ট্রের কোটি টাকা সাশ্রয় হবে। সরকারের লক্ষ্য একটি মানবিক, সচেতন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলা এবং প্রস্তাবিত বাজেট সেই লক্ষ্য বাস্তবায়নের ভিত্তি হিসেবে কাজ করবে।
বক্তব্যের শুরুতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং তার নির্বাচনী এলাকা নান্দাইলের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনলাইন ডেক্স 






















