বিএনপির রিজভীর জবাব ঢাকা — পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির কড়া জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলা হলে বাংলাদেশের মানুষ বসে বসে আমলকী চুষবে না।
রিজভী বলেন, “এই দেশ একটি গর্বিত ও অহংকারের দেশ। যারা নিজের রক্ত দিয়ে নিজের স্বাধীনতা অর্জন করেছে।” তিনি ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের জনগণের প্রস্তুতির কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “৩০ লাখ মানুষের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের নির্যাতনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই ত্যাগের মধ্য দিয়ে পাওয়া স্বাধীন পতাকা ও ভূখণ্ড দেশের মানুষের গর্বের জায়গা।” রিজভী স্পষ্ট করেন যে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না এবং বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কারও হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, “নিচের পর্যায়ের কোনো কর্মী এমন মন্তব্য করলে হয়তো বিষয়টি ভিন্নভাবে দেখা হতো। কিন্তু একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য আসায় তা প্রতিবাদের দাবি রাখে।”
তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণের ঐক্যবদ্ধতার কথাও উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে রিজভী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন।
রিজভীর অভিযোগ, পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশনা পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবশিষ্টাংশ দেশে অগ্নিসংযোগ, হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, “সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।”
রিজভী আরও জানান, অতীতের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে দমন-পীড়নের পথে না গিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এর আগে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তাঁর বক্তব্যে বাংলাদেশের হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়ার কথাও উঠে আসে। এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।
সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























