প্রয়াত সাংবাদিক তৌফিক ইমরোজ — প্রয়াত সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। এ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুণাবলী ও ব্যক্তিগত বন্ধুত্বের কথা স্মরণ করেন।
অর্থমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী সাংবাদিকতা ও ব্যক্তিগত বন্ধুত্বকে আলাদা রেখে বস্তুনিষ্ঠতার অনন্য উদাহরণ স্থাপন করেছেন। তার মৃত্যুতে দেশের গণমাধ্যমে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
স্মৃতিচারণ করতে গিয়ে আমির খসরু বলেন, তৌফিকের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব ও পেশাগত সম্পর্ক ছিল। তাদের মধ্যে অনেক বিষয়ে মতপার্থক্য হলেও কখনোই আলোচনায় কোনো কৌশল বা লুকোচুরি ছিল না। তিনি বলেন, তৌফিক নিজের মতামত জোরালোভাবে প্রকাশ করতেন।
অর্থমন্ত্রী তৌফিকের পেশাগত সততা ও নৈতিকতার প্রশংসা করে বলেন, ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকা সত্ত্বেও তিনি কখনো পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশ করেননি। এমনকি তার দল বা দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে সংবাদ প্রকাশের পর তর্ক-বিতর্ক হলেও তৌফিক সবসময় বস্তুনিষ্ঠতার নীতিতে অটল ছিলেন।
তিনি আরও বলেন, তৌফিক বিশ্বাস করতেন সাংবাদিকতা ও ব্যক্তিগত বন্ধুত্ব একসঙ্গে চলতে পারে না। একজন প্রকৃত পেশাদার সাংবাদিকের আদর্শ হওয়া উচিত এটাই।
অর্থমন্ত্রী স্মৃতিচারণায় উল্লেখ করেন, তৌফিক ইমরোজ খালিদী প্রচলিত সামাজিক আনুষ্ঠানিকতা ও জনসংযোগ এড়িয়ে চলতেন। তিনি সবসময় সাংবাদিকতার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকতেন। লন্ডনে বিবিসিতে কর্মরত থাকার সময় তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আড্ডা হতো।
জীবনের শেষ দিনগুলোতে বিনিয়োগসংক্রান্ত জটিলতা ও মানসিক চাপের কারণে তৌফিক অনেকটা নিভৃতচারী হয়ে পড়েছিলেন বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, তৌফিক ছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসী ও আপসহীন মানুষ।
অনলাইন সাংবাদিকতায় তৌফিক ইমরোজ খালিদীর অবদানের কথা তুলে ধরে আমির খসরু বলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে তিনি অনলাইন সাংবাদিকতায় নতুন ধারার সূচনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনেও প্রতিষ্ঠানটি তার সূচিত সেই ধারা অব্যাহত রাখবে।
বক্তব্যের শেষে প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন অর্থমন্ত্রী। তিনি তার সন্তান ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনলাইন ডেক্স 
























