বিএসইসির আইপিও নীতিমালায় বড় — বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের পুঁজিবাজারে শক্তিশালী মৌলভিত্তির কোম্পানির অংশগ্রহণ বাড়াতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত বিধিমালায় ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে।
নতুন বিধিমালায় আইপিওর মূল্য নির্ধারণ, বুক বিল্ডিং পদ্ধতি, মিউচুয়াল ফান্ডের শেয়ার বরাদ্দ, আন্ডাররাইটিং এবং তালিকাভুক্তির প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে। এছাড়া বড় কোম্পানির সরাসরি তালিকাভুক্তি এবং জনস্বার্থে কোনো কোম্পানিকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে পুঁজিবাজার উন্নয়ন ও নীতি সংস্কারবিষয়ক এক অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা কেবল বিধিবিধান তৈরি ও তা প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়।
মাসুদ খান জানান, নতুন বিধিমালা তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া হচ্ছে। খসড়া জনসাধারণের জন্য উন্মুক্ত করার পরও অংশীজনদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, মার্জিন ঋণ বিধিমালা ও ডিরেক্ট লিস্টিং বিধিমালাসহ বিভিন্ন নীতিমালা প্রণয়নের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। নতুন আইপিও বিধিমালার খসড়াও প্রায় প্রস্তুত।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বেসরকারি খাতের কোম্পানিগুলোর বিভিন্ন নিয়ন্ত্রক জটিলতা নিরসনে কমিশন কাজ করছে। বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলো করসংক্রান্ত ছাড়পত্র পেতে দীর্ঘসূত্রতার কারণে লভ্যাংশ বিতরণে সমস্যায় পড়ত।
কমিশন জানিয়েছে, বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের ক্ষেত্রে ডিজিটাল ও হাইব্রিড পদ্ধতি ব্যবহারের নিয়ম সহজ করা হয়েছে। নতুন ব্যবস্থায় ৫ শতাংশ বা তার বেশি শেয়ারধারী কোম্পানির জন্য ডিজিটাল এজিএম আয়োজনের সুযোগ রাখা হয়েছে।
লভ্যাংশ ঘোষণার আগে শেয়ার লেনদেনের ওপর আরোপিত বিধিনিষেধ কমানোর বিষয়টিও কমিশনের বিবেচনায় রয়েছে। বর্তমানে হিসাব বছর শেষ হওয়ার দুই মাস আগে থেকে পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ ঘোষণার আগ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকে।
নতুন আইপিও বিধিমালায় শেয়ারের মূল্য নির্ধারণের পদ্ধতিতেও পরিবর্তন আসছে। বুক বিল্ডিং পদ্ধতিতে মূল্য নির্ধারণের ক্ষেত্রে ইস্যু ম্যানেজারকে যেকোনো একটি পদ্ধতি নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিং প্রক্রিয়াতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, কোনো বিনিয়োগকারী যে দামে শেয়ার কেনার প্রস্তাব দেবেন, তাকে সেই দামেই শেয়ার কিনতে হবে।
আইপিওতে মিউচুয়াল ফান্ডের জন্য পৃথক শেয়ার বরাদ্দের ব্যবস্থা তুলে দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের শ্রেণিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আইপিওর শেয়ার বণ্টনে লটারি পদ্ধতি চালুর বিষয়টিও খসড়ায় রাখা হয়েছে।
শেয়ারের প্রাইস ব্যান্ড নির্ধারণেও নতুন কাঠামো তৈরির চিন্তা করছে বিএসইসি। দুর্বল বিডিংয়ের কারণে কোম্পানিগুলো প্রত্যাশিত মূল্য না পাওয়ার ঝুঁকি থাকায় এবার প্রাইস ব্যান্ডে ৫০ শতাংশের একটি সাধারণ সীমা রাখার প্রস্তাব করা হচ্ছে।
বড় আকারের আইপিওর ক্ষেত্রে বুক রানার পদ্ধতি চালুর পরিকল্পনাও রয়েছে। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, ৫০০ কোটি টাকার বেশি মূল্যের আইপিওতে এ পদ্ধতি প্রয়োগ করা হতে পারে।
আন্ডাররাইটিংয়ের নিয়মেও শিথিলতা আনার প্রস্তাব রয়েছে। বর্তমানে আইপিওর শতভাগ শেয়ার আন্ডাররাইট করার বাধ্যবাধকতা রয়েছে, তবে তা কমিয়ে আপাতত ৫০ শতাংশ করার চিন্তা করছে কমিশন।
অনলাইন ডেক্স 






















