পঞ্চগড় সীমান্তে ৬৪০০ পিস — পঞ্চগড় সীমান্ত থেকে ৬ হাজার ৪শ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। রবিবার (২২ নভেম্বর) সকালে বোদা উপজেলার চটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক হাবিলদার মমিনুর রহমানের নেতৃত্বে টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত পিলার ৭৭৬/এমপি থেকে ৮শ গজ দূরে চটিপাড়া এলাকায় মাদক চোরাকারবারী রাশেদ (২৬) ও বোরহান (১৭) আটক হয়।
আটককৃত রাশেদ আব্দুস সাত্তারের ছেলে এবং বোরহান শাহ আলমের ছেলে। তাদের বাড়ি বোদা উপজেলার বগদুলঝুলা নুরপাড়ায়। তাদের কাছ থেকে ৬ হাজার ৪শ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১টি পালসার পুরাতন মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮শ টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃতরা কোমরে স্কচটেপ পেঁচিয়ে এবং মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন। তাদের দেহ তল্লাশি চালিয়ে ওই ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে বিজিবির তৎপরতা ও গোয়েন্দা নজরদারির কারণে তাদের এসব অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হচ্ছে।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মানব পাচার, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে।
দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
অনলাইন ডেক্স 





















