বিয়ের আগে যুবকদের প্রস্তুতি — বিয়ে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও পারিবারিক সিদ্ধান্ত, যা দুটি মানুষের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে। ইসলামে বিয়ের মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি দায়িত্ব ও অধিকার রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বিয়ের আগে একজন যুবকের প্রস্তুতি কেমন হওয়া উচিত, সে বিষয়ে ইসলামের নির্দেশনা জানা জরুরি।
বিয়ের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা একজন যুবকের প্রথম প্রস্তুতি। ইসলামে বিয়েকে কেবল শারীরিক আকর্ষণ কিংবা সামাজিক মর্যাদা হিসেবে দেখা হয়নি; বরং এটি একটি দায়িত্বশীল ও সম্মানজনক জীবন গড়ার জন্য প্রয়োজনীয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, 'আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো।' —সুরা আর-রুম, আয়াত ২১।
এছাড়া, একজন যুবকের জন্য আর্থিক দায়িত্ব পালনের সক্ষমতা তৈরি করাও গুরুত্বপূর্ণ। ইসলামে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর ওপর রয়েছে। আল্লাহ তাআলা বলেন, 'সামর্থ্যবান ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে।' —সুরা আত-তালাক, আয়াত ৭। অর্থাৎ, একজন যুবকের উচিত নিজের আয়-ব্যয়ের হিসাব জানা এবং সংসারের মৌলিক চাহিদা পূরণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা করা।
মানসিক পরিপক্বতা ও ধৈর্য অর্জনও বিয়ের আগে একজন যুবকের জন্য অপরিহার্য। দাম্পত্য জীবনে প্রবেশের পর নিজের পছন্দ-অপছন্দের পাশাপাশি জীবনসঙ্গীর অনুভূতি ও প্রয়োজনকে গুরুত্ব দিতে হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম।'—জামে তিরমিজি।
বিয়ের আগে একজন যুবকের জন্য স্ত্রীর অধিকার ও স্বামীর দায়িত্ব সম্পর্কে জানা জরুরি। স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্বের মধ্যে রয়েছে—স্ত্রীর ভরণপোষণ ও নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা, সম্মানজনক আচরণ করা, এবং তার আবেগ ও মতামতকে গুরুত্ব দেওয়া।
একটি সুন্দর সংসারের জন্য সততা, বিশ্বস্ততা, ধৈর্য, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা প্রয়োজন। স্ত্রীকে নিজের অধিকারভুক্ত কেউ না ভেবে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে সম্মান করতে হবে। ইসলামের শিক্ষা হলো, স্বামী-স্ত্রী একে অপরের সহযোগী।
সুতরাং, বিয়ের আগে একজন যুবক যদি নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হন এবং ধর্মীয় জ্ঞান অর্জন করেন, তাহলে নতুন জীবনের পথচলা অনেক বেশি সুন্দর ও অর্থবহ হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
অনলাইন ডেক্স 























