রাজশাহীতে ২৮ নভেম্বর তাফসির — রাজশাহীতে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। আগামী ২৮ নভেম্বর (শনিবার) রাজশাহীতে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, এ মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে তাদের প্রত্যাশা। এটি রাজশাহীতে ড. আজহারীর প্রথম তাফসির মাহফিল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজক সংগঠন ওলামা মাশায়েখ পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। আয়োজকদের আশা, বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসির মাহফিলে পরিণত হবে।
ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, এটি রাজশাহীর সবচেয়ে বড় তাফসির মাহফিল হবে।
মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হবে বলে জানান তিনি।
মাওলানা রুহুল আমীন আরও বলেন, মাহফিলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, মাহফিল সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
অনলাইন ডেক্স 
























