আইসিসির শাস্তির মুখে তাওহীদ — দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশ দলের তারকা ব্যাটার তাওহীদ হৃদয় আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন। তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে।
আইসিসি এক বিবৃতিতে হৃদয়ের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। জরিমানা ছাড়াও তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটি তার প্রথম অপরাধ হিসেবে গণ্য হচ্ছে।
জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় এই শাস্তি পেয়েছেন হৃদয়। তিনি আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের বিষয়টি এই ধারার আওতাভুক্ত।
ঘটনাটি ঘটে খেলা বন্ধ হওয়ার পর, যখন মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় হৃদয় তাদের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং দাবি করেন যে, খেলা আরও আগেই বন্ধ করা উচিত ছিল। তিনি আম্পায়ারদের সঙ্গে আগ্রাসী ও অশোভন আচরণ করেন।
নিজের অপরাধ মেনে নিয়েছেন হৃদয় এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি গ্রহণ করেছেন। এজন্য কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এদিকে, একই টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন পেসার ইবাদত হোসেন চৌধুরীও। ইনিংসের ১৭তম ওভারে তিনি ব্যাটারের দিকে অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে বল ছুঁড়ে মারেন, যখন ব্যাটার নিরাপদে নিজের ক্রিজে অবস্থান করছিলেন।
ইবাদতের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়ের দিকে অনুপযুক্ত বা বিপজ্জনকভাবে বল ছুঁড়ে মারার বিষয়টি এই ধারার আওতাভুক্ত। এটি লেভেল ওয়ান অপরাধ হিসেবে বিবেচিত হয়। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয় এবং তার নামের পাশে যোগ হয় একটি ডিমেরিট পয়েন্ট।
বাংলাদেশ দলের জন্য এই ঘটনা একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ একের পর এক খেলোয়াড়ের শাস্তি দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। দলের ম্যানেজমেন্ট আশা করছে, ভবিষ্যতে খেলোয়াড়রা আচরণবিধি মেনে চলবে এবং এ ধরনের পরিস্থিতি এড়াতে সচেতন হবে।
অনলাইন ডেক্স 























