গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের — গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর ও বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার (১৭ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ১৯ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সরকার উদ্বিগ্ন নয়। তবে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। উপদেষ্টা জানান, যাদের ছবি সামনে এসেছে, তাদের গ্রেপ্তার করা হবে। গতকাল থেকেই ওই এলাকায় যৌথবাহিনী দায়িত্ব পালন করছে।
জাহেদ উর রহমান বলেন, সরকার দেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। আওয়ামী লীগের নামে রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ। এ অবস্থায় সহিংসতা, ভাঙচুর ও হামলার ঘটনা মেনে নেওয়া হবে না।
গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলা দেখা গেলে দক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে প্রত্যাহার মানেই ব্যর্থতা নয়।
গোপালগঞ্জে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশকে দায়িত্ব পালন করতে হবে যাতে বলপ্রয়োগ ও হতাহতের ঘটনা কম হয়। তিনি দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সরকার যে কৌশল অনুসরণ করেছে, তা যথাযথ ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক নেতাদের উসকানিতে যারা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ এবং এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।
এদিকে, গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ও ভারতের সঙ্গে সম্পর্কের সর্বশেষ পরিস্থিতি নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বাংলাদেশ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো সম্ভাবনা নেই। গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই।
সরকারের পক্ষ থেকে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকরী ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 
























