পুঁজিবাজারের উন্নয়ন ও আধুনিকায়নে — বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে এডিবির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানিয়েছেন। বৈঠকে বিএসইসি চেয়ারম্যান দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে কমিশনের বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন, বেসরকারি খাতের বিকাশের ভূমিকা বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এডিবির প্রতিনিধিদল বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
এ ক্ষেত্রে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদারের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়। বিএসইসির পক্ষ থেকে এডিবির সহযোগিতামূলক উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে এডিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (ওএমডিপি) প্রধান টাকেও কোইকে। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা, প্রাইভেট সেক্টর অপারেশনস বিভাগের সিনিয়র অ্যাডভাইজার ক্রেইগ লি রবার্টস এবং সাউথ এশিয়া ডিপার্টমেন্টের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের রিজিওনাল হেড শুজি হাশিজুমেসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিএসইসির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ এবং কমিশনার মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএমসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬২ পয়সা। যা আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৯৮ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১ টাকা ৭৯ পয়সা। যা আগের অর্থবছরে ছিল মাইনাস ৩১ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৯৬ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর, সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফান্ডটির ২০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারদরে ফান্ডটির ২০ লাখ ইউনিট বিক্রি করেছে। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত ঘোষণা অনুযায়ী, প্রতিষ্ঠানটি এসব ইউনিট বিক্রি সম্পন্ন করেছে।
অন্যদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের স্পন্সর ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ফান্ডটির ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন করেছে।
ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারদরে ফান্ডটির ১০ লাখ ইউনিট বিক্রি করেছে। গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত ঘোষণা অনুযায়ী, প্রতিষ্ঠানটি এসব ইউনিট বিক্রি সম্পন্ন করেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে সভাটি ১৬ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অনলাইন ডেক্স 






















