মাইক্রোসফট ৩৬৫ এর সেবায় — বিশ্বের অন্তত ৭৪টি দেশে মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে আউটলুক, টিমস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম কোপাইলট ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। বৃহস্পতিবার শুরু হওয়া এ সমস্যায় সবচেয়ে বেশি বিঘ্ন ঘটেছে ইমেইলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা ব্যবহারে।
মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সার্ভারের ওপর বাড়তি চাপের কারণে কয়েকটি অনলাইন সেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিভ্রাটের প্রভাব পড়েছে মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক অ্যাপে। বিশেষ করে এক্সচেঞ্জ অনলাইন সেবার আওতাধীন আউটলুক ইমেইল ব্যবহারে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া ক্যালেন্ডার অ্যাপে কিছু ফাইল ও তথ্য দেখা যাচ্ছে না। কোপাইলট সেবাও ব্যাহত হয়েছে। তবে মাইক্রোসফট জানিয়েছে, বার্তা আদান-প্রদান ও অনলাইন সভার সুবিধাগুলো বেশির ভাগ ক্ষেত্রে সচল রয়েছে।
সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকেল সোয়া ৪টার দিকে প্রথম বিভ্রাটের অভিযোগ পাওয়া যায়। সন্ধ্যা ৬টার দিকে আউটলুক নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ সময় অভিযোগের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারে দাঁড়ায়, যা স্বাভাবিক সময়ের তুলনায় দুই হাজার গুণেরও বেশি।
প্রথমে সীমিত পরিসরে দেখা দিলেও এক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ ৭৪টি দেশে এ সমস্যা ছড়িয়ে পড়ে। আট ঘণ্টার বেশি সময় ধরে চলা বিভ্রাটের সর্বশেষ তথ্যে ২৮ হাজারের বেশি ব্যবহারকারী সমস্যায় ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, বিভ্রাটের প্রভাব কমাতে এবং ক্ষতিগ্রস্ত সেবাগুলো পুনরায় সচল করতে কাজ চলছে। সিস্টেম পুনরুদ্ধারের প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে সেবা বিপর্যয়ের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মজীবীদের মধ্যে নানা রকম রসিকতা ছড়িয়ে পড়েছে। আউটলুক অচল থাকায় বিকল্প হিসেবে এক্সেল স্প্রেডশিট ব্যবহার করে ইমেইল পাঠানোর প্রসঙ্গ তুলে অনেকে মজা করছেন।
২০০২ সালে প্রকাশিত নেলি ও কেলি রোল্যান্ডের জনপ্রিয় গান ‘ডিলেমা’র একটি দৃশ্যও শেয়ার করছেন ব্যবহারকারীরা। ওই দৃশ্যে কেলি রোল্যান্ডকে স্প্রেডশিটে বার্তা লিখতে দেখা যায়। এক ব্যবহারকারী এক্সে লিখেছেন, আউটলুক কাজ না করায় এখন কেলি রোল্যান্ডের মতো এক্সেলের মাধ্যমে ইমেইল পাঠানোর সময় এসেছে। পোস্টটিতে ২৩ হাজারের বেশি লাইক ও প্রায় তিন হাজার শেয়ার পড়েছে।
যুক্তরাষ্ট্রের আবাসন প্রতিষ্ঠান সারমন্টও ইনস্টাগ্রামে রসিকতা করে লিখেছে, এ ধরনের দিন মনে করিয়ে দেয়—কর্মজীবনের বড় একটি অংশ আসলে ইমেইল পাঠানোতেই ব্যয় হয়। আবার কেউ কেউ আউটলুক সচল না হওয়া পর্যন্ত সপ্তাহের বাকি সময় ছুটি দেওয়ার দাবিও তুলেছেন।
অনলাইন ডেক্স 
























