সরকার কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিতি, সরকারি নির্দেশ অমান্য এবং অসদাচরণের অভিযোগে পুলিশের সাত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ ও শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় এসব তথ্য জানা যায়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে সাবেক ডিআইজি মোহাম্মদ হারুন অর রশীদ, সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, সাবেক সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন, সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান সরকার এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান অন্তর্ভুক্ত রয়েছেন। সহকারী পুলিশ সুপার কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ফারহানা তাসকিন ও মো. মনিরুজ্জামান সরকারের বিরুদ্ধে বিদেশে অবস্থান করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এসব প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক আদেশগুলো অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 























