২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুড়িগ্রামের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।
শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তালিকা অনুযায়ী, রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ থেকে ২৪ জন, নাগেশ্বরী মডেল কলেজ থেকে ১৫ জন, রাজারহাটের সিঙ্গার ডাবরিরহাট কলেজ থেকে ১০ জন এবং সিঙ্গার ডাবরিরহাট বি.এল. হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জন পরীক্ষার্থী অংশ নেন।
এছাড়া, নাগেশ্বরীর কুটি পায়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ জন, ছিলাখানা মডেল কলেজ থেকে ৪ জন, উলিপুরের হজরত ফাতেমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩ জন, চিলমারীর দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন এবং রাজারহাটের পাঙ্গারাণী লক্ষ্মী প্রিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
কুড়িগ্রাম জেলার সামগ্রিক ফলাফলও হতাশাজনক। এ বছর জেলায় ১১ হাজার ৭২২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ৪ হাজার ৭৭৩ জন পাস করেছেন। জেলায় গড় পাসের হার ৪০ দশমিক ৭২ শতাংশ।
উলিপুরের হজরত ফাতেমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাফিজ রহুল আমিন জানান, তার প্রতিষ্ঠানের তিন পরীক্ষার্থী বিবাহিত এবং সংসারের চাপের কারণে তারা পড়াশোনা করতে পারেননি। তিনি বলেন, "আমরা চাই সবাই পাস করুক, কিন্তু শিক্ষার্থীদের আগ্রহ না থাকলে ভালো ফল করা কঠিন।"
অনলাইন ডেক্স 















