সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) মৃত্যুর ঘটনায় শেরেবাংলা নগর থানার পুলিশ তার রিমান্ড আবেদন করবে। সোমবার (২১ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "আমরা রিমান্ড আবেদন করবো। তবে কতদিনের রিমান্ড চাওয়া হবে তা সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে।" এদিকে, সংসদ সদস্যকে গ্রেপ্তার করলে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করতে হয়, যা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মরিয়মের বাবা এসএম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। মামলায় এমপি নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। রবিবার রাতেই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলায় মাসুম বিল্লাহ অভিযোগ করেছেন, তার মেয়েকে বিয়ের পর থেকে এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন। ভিডিও ছড়ানোর পর গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।
অনলাইন ডেক্স 

























