শেরপুরের নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির (১৪) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী একই গ্রামের ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের বাবা ছোটবেলায় একটি দুর্ঘটনায় মারা যান। এরপর তার মা তিন মেয়েকে নিয়ে আন্ধারুপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন। নিহত শিক্ষার্থী ছিল তিন বোনের মধ্যে দ্বিতীয়। সম্প্রতি তার বিয়ের জন্য সম্বন্ধ আসছিল, তবে পরিবারের পক্ষ থেকে বিয়ের সিদ্ধান্তে রাজি ছিল না।
এদিকে, পারিবারিক সূত্রের দাবি, প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক ছিল, যা নিয়ে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে এবং একটি চিরকুটও উদ্ধার করে।
চিরকুটে নিহত শিক্ষার্থী তার মায়ের উদ্দেশে লিখেছে, ‘মা তুমি আমারে মাফ কইরা দিও। আমি তোমার কথা রাখতে পারলাম না।’ চিরকুটে নিজের ভালোবাসার মানুষের প্রসঙ্গে উল্লেখ করে সে লিখেছে, ‘হাজারো দুঃখ-কষ্টে থাকলেও আমি শান্তি পাইতাম।’
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
অনলাইন ডেক্স 























