প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি জানান, সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছে।
মাহ্দী আমিন বলেন, বাংলাদেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) রয়েছে, যার মধ্যে একটি দীর্ঘদিন ধরে কারিগরি ত্রুটির কারণে অচল ছিল। সরকার বর্তমানে সচল দুটি টার্মিনালের পাশাপাশি ২০২৮ সালের আগে তৃতীয়টি স্থাপনের পরিকল্পনা নিয়েছে।
তিনি আরও জানান, মধ্যমেয়াদে দেশের ভেতরে ১৫০টি নতুন গ্যাসকূপ খননের কাজ চলছে। সফল হলে দ্বিতীয় পর্যায়ে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ২১টি বিজনেস অ্যাসোসিয়েশন ও ব্যবসায়িক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ উৎপাদনে তেল, গ্যাস ও কয়লানির্ভর সমন্বয়ের পরিকল্পনা তুলে ধরা হয়।
মাহ্দী আমিন বলেন, সরকার সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য শক্তিকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি উল্লেখ করেন, ব্যবসায়িক নেতৃবৃন্দ তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং সরকার নীতিগত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
অনলাইন ডেক্স 






















