অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান বলেছেন, গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটেছে। তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) রহমান ফাউন্ডেশনের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
মুশফিকুর রহমান বলেন, “শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আমাদের ছেলে-মেয়েরা ভালো করে পড়াশোনা করত না, তবে রেজাল্ট ৯০ শতাংশ, ৯৫ শতাংশ হয়ে যেত। চাকরির পরীক্ষায় এমএ ও বিএ পাস করা শিক্ষার্থীরা ‘ব্রাহ্মণবাড়িয়া’ বানান লিখতে পারছিল না।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মাদক, বিড়ি, সিগারেটসহ সকল আজেবাজে জিনিস থেকে দূরে থাকতে হবে। সন্ধ্যার পর পড়াশোনায় মনোযোগী হতে হবে।” মুশফিকুর রহমান আরও বলেন, “শিক্ষক এবং মা-বাবাকে সম্মান করতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে লাভ কী, যদি মা-বাবাকে সম্মান না করে?”
অনুষ্ঠানে রহমান ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি জানান, “দুইটি স্কুলকে সায়েন্স ল্যাবের জন্য সাহায্য করেছি। রেজাল্টের ভিত্তিতে আরও দুইটি সায়েন্স ল্যাব করা হবে।”
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
অনলাইন ডেক্স 

























