বরিশালের আগৈলঝাড়ায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জেরে ক্রসফায়ারে দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের ফাঁসি দাবি করেছেন ছাত্রদল নেতা টিপু হাওলাদারের স্ত্রী সুমা আক্তার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের একক বেঞ্চে জবানবন্দি দেওয়ার সময় তিনি এ দাবি জানান। কান্নায় ভেঙে পড়া সুমা বলেন, তার দুটি মেয়ে রয়েছে এবং হত্যাকাণ্ডের সময় তারা ছোট ছিল। তিনি বলেন, ‘দেশে যেন এমন নৃশংস ঘটনা আর না ঘটে।’
সুমা আক্তার বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ, সাবেক পুলিশ সুপার একেএম এহসান উল্লাহসহ গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডের প্রার্থনা করেন। টিপু আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং হত্যাকাণ্ডের শিকার অপরজন হলেন কবির মোল্লা।
শুনানির সময় গ্রেপ্তার উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক মো. মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন ফারুক আহাম্মদ ও সুলতান মাহমুদ।
গত ২০ মে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল-২। অভিযোগ অনুযায়ী, টিপু ও কবিরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে পরে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা হয়। মামলার প্রধান আসামি আবুল হাসানাত আবদুল্লাহ বর্তমানে পলাতক রয়েছেন।
অনলাইন ডেক্স 

























