বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর নাম ও পরিচয় ব্যবহার করে পরিচালিত ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী মশিউর রহমান এ জিডি করেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মশিউর রহমান নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান। জিডিতে উল্লেখ করা হয়, রিজভী নিজে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। তাই তার নামে পরিচালিত কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত তথ্যকে তার অনুমোদিত বক্তব্য হিসেবে বিবেচনা করা যাবে না।
জিডিতে আরও বলা হয়েছে, কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রিজভীর নাম, ছবি ও রাজনৈতিক পদবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজ পরিচালনা করছেন। এর মধ্যে একটি অ্যাকাউন্টে ব্লু ভেরিফিকেশন বা ব্লু মার্কও দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।
এছাড়াও, এসব ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে রিজভীর নামে বিভিন্ন বক্তব্য, রাজনৈতিক মতামত ও সংবাদ প্রচার করা হচ্ছে। জিডিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, ভবিষ্যতে এসব প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতে পারে।
রিজভীর নাম ও পরিচয়ের অপব্যবহার হিসেবে উল্লেখ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি পরিচালনার বিষয়টি নতুন নয় এবং এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে।
অনলাইন ডেক্স 























