ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। তিনি শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ‘শত বছরের সফল ব্যক্তি স্মারক সম্মাননা এবং প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ক্ষতিকর ও অনুপযুক্ত কনটেন্ট শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ বিষয়ে সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
ফকির মাহবুব আনাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট তৈরির প্রবণতাও উদ্বেগজনক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ ধরনের প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে কাজ করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজের জন্য যারা অবদান রেখেছেন, তাদের জীবন ও কর্মের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় এবং শত বছরের সফল ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল-৮ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 





















